দুর্ঘটনায় শিশুর মৃত্যুর গুজবে ‘টমটমে’ আগুন
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার গুজবে চট্টগ্রামের চকবাজার এলাকায় ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা (টমটম) আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা।
রোববার সন্ধ্যায় ধনিয়ার পুল এলাকায় এই ঘটনা ঘটে বলে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যায় টমটমের ধাক্কায় আহত হয় রাকিবুল হাসান নামে সাতবছরের একটি শিশু।
“শিশুটি মারা গেছে- এমন গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাংচুর করে এবং তিনটিতে আগুন ধরিয়ে দেয়।”
পরে পুলিশ গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
আহত রাকিবুল কাপাসগোলা এলাকার মো. সোলায়মানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, শিশুটি ‘সামান্য’ আহত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রাই তাকে হাসপাতালে নেন বলে জানান তিনি।
