নিষেধাজ্ঞা না উঠলে বৃহস্পতিবার চট্টগ্রামে অটোরিকশা ধর্মঘট
মহাসড়কে চলাচলের ওপর নিষেধাজ্ঞা বুধবারের মধ্যে প্রত্যাহার না করলে পরদিন চট্টগ্রাম জেলা ও নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, “মহাসড়কে অটোরিকশা ও টেম্পু চলাচলে নিষেধাজ্ঞা ১২ তারিখের মধ্যে প্রত্যাহার করতে হবে।
“অন্যথায় শ্রমিক-জনতা ১৩ অগাস্ট চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় ধর্মঘট পালন করবে। এতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে নিতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা বলেন, “সেতুমন্ত্রী মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নেওয়ার মত নয়।
“শুধু অটোরিকশার জন্য দুর্ঘটনা হয়, তা সত্য নয়। অটোরিকশা বন্ধ হওয়ার পর যদি দুর্ঘটনা হয় তাহলে মন্ত্রী পদত্যাগ করবেন কি না তা জানাতে হবে।”
সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি মুহাম্মদ মুছা বলেন, “মহাসড়কে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তে সারাদেশে কয়েক লাখ মানুষ বেকার হয়ে যাবে। অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।”
সমাবেশ শেষে সমন্বয় পরিষদের নেতারা চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্মারকলিপি দেন।
দুর্ঘটনা রোধে গত ১অগাস্ট থেকে মহাসড়কে ধীরগতির ও তিনচাকার যান বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার।
এর প্রতিবাদে প্রতিদিনই বিভিন্ন স্থানে চালক-মালিকরা বিক্ষোভ দেখাচ্ছেন।কয়েক জায়গায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাস নেওয়ার জন্য অটোরিকশা প্রতিদিন ভোর ছয়টা থেকে দুই ঘণ্টা মহাসড়কে চলতে পারবে।
চট্টগ্রামের চালক-মালিকরা এই সময়ও বাড়িয়ে চার ঘণ্টা করার দাবি তুলেছেন।
