২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইটের দাবি প্রবাসীদের

ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালু এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য উদ্যোগ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অনুরোধ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

সাজিদুল হক

হ্যানয়, ভিয়েতনাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার বিকেলে হ্যানয়ে বসবাসরত বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল হোটেল শেরাটনে ভিয়েতনাম সফররত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই অনুরোধ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

প্রবাসীদের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন,“ভিয়েতনাম দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট সুযোগ রয়েছে।”

এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

ভিসা প্রক্রিয়া যাতে সহজ ও দ্রুত হয় সেজন্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন বলেও প্রবাসীদের আশ্বস্ত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সঙ্গে প্রবাসীদের সাক্ষাতের সময় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ উপস্থিত ছিলেন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে রোববার দুপুরে হ্যানয় পৌঁছান রাষ্ট্রপতি।