চট্টগ্রাম থেকে ৭ ‘জলদস্যু’ আটক
বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে ডাকাতি ও অপহরণে জড়িত অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরী।
এরা হলেন- হাতিয়ার মো. বাবুল, শাহাজ উদ্দিন, আক্তার হোসেন, সাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, সেকান্দার ও ভোলার লালমোহন এলাকার নয়ন পাটোয়ারী।
আটকরা সবাই নোয়াখালীর জলদস্যু কামাল বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এএসপি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে চট্টগ্রামের ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকায় অভিযান চালানো হয়।
“তবে জলদস্যু বাহিনী প্রধান কামাল ওরফে কাউয়া কামাল পালিয়ে যেতে সক্ষম হয়।”
আটক জলদস্যুরা চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে আত্নগোপনে ছিল। তাদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
