২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তুষ্ট হলিক্রসের শিক্ষক-শিক্ষার্থীরা

এইচএসসিতে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সন্তুষ্ট রাজধানীর হলিক্রস কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:48 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ শিখা গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছরও রেজাল্ট আশানুরূপ। সব মেয়ে পাস করায় আমি অত্যন্ত খুশি।”

এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ১৭৩ পরীক্ষার্থীর মধ্যে ৭৬৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

এরমধ্যে বিজ্ঞানে ৬৪৩ জন, মানবিকে ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ জন পূর্ণ জিপিএ পেয়েছেন।

ফল প্রকাশের আগেই কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেন। বেলা ২টার পর ফলাফল নোটিস বোর্ডে টানানো হয়। ফলাফল দেখে আনন্দে মেতে উঠেন ছাত্রীরা।

মেয়ে ত্রয়ী মুৎসুদ্দি মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে জানিয়ে তার মা মায়া বড়ুয়া বলেন, “আমি মা হিসেবে গর্বিত। মেয়ে ভাল ফল করায় আমি দারুণ আনন্দিত।”

এবার উত্তরপত্র মূল্যায়নে কিছুটা কড়াকড়ি ছিল জানিয়ে কলেজের শিক্ষক সুব্রত পোদ্দার বলেন, “এরপরও কলেজের সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট।”