২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুশিতে ভাসছে ভিএনসি

কলেজের নোটিস বোর্ডে তখনও ফল ওঠেনি; তবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জেনে গেছেন অনেকে। আর তাতেই ড্রামের তালে তালে শুরু আনন্দের প্রকাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবা আলী বর্ণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ঢোকামাত্র তাই ঠাহর করতে বেগ পেতে হয়নি- প্রত্যাশিত ফল পেয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এবছর এই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেছেন ৯৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন ৯৩৩ জন। 

এমন ফলাফলে সন্তুষ্টির আবহ তাই পুরো কলেজ প্রাঙ্গণ জুড়ে। একে অপরকে জড়িয়ে ধরা, খুশির চিৎকার আর আন্দদের অশ্রুর পাশাপাশি একটি শব্দই বার বার ঘুরছিল- ‘ভিএনসি’, ‘ভিএনসি’। 

‘হ্যালো… হ্যাঁ... হ্যাঁ... জিপিএ ফাইভ…’- স্কুল চত্বরে দাঁড়িয়ে জারিন নাওয়ারের মা ডা. শওকত আরা এভাবেই ফোন করে করে আত্মীয়-স্বজনদের জানাচ্ছিলেন সুখবরটা।

বললেন, “অবশ্যই খুব ভাল লাগছে। এবার জিপিএ-৫ অনেক কম। তাই টেনশন ছিল। মেয়ের বন্ধুরাও সবাই পেয়েছে তাই আরও ভাল লাগছে।”

ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “শিক্ষকরা মেয়েদের যথেষ্ট যত্ন নেন।”

এবছর কলেজের বিজ্ঞান বিভাগে ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৭৯ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮৩৩ জন।

মানবিক বিভাগে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৫ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জন পাস করেছেন, আর ৭৫ জন পেয়েছেন পূর্ণ জিপিএ।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রুদমিলা, আনিকার মতো অনেকেই জানালেন, নোটিস বোর্ডের জন্য অপেক্ষা করেননি তারা, মোবাইলে ফল জেনে নিয়েছেন আগেভাগে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া অন্বেষা মোর্শেদ একরাশ আনন্দ চোখে মুখে নিয়ে জানালেন, ভবিষ্যতে শিক্ষক হতে চান।

ভাল কলেজে পড়া ভাল ফলাফলের পূর্বশর্ত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, “পড়াশোনাটা নিজের কাছে। কষ্ট করেছি, সে অনুযায়ী ফল পেয়েছি।”

অন্বেষার মা চাকুরীজীবী হালিমা আক্তারও খুশি মেয়ের ভাল ফলে।

“চাকরি করে সন্তান বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। শিক্ষক-বাবা-মা সবারই অবদান থাকে ভাল ফলের পেছনে।”

তবে এবছর এইচএসসিতে পাস এবং জিপিএ-৫ পাওয়ার হার কম হওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

মেহবুবা মম’র মা নীলা মাহবুব মেয়ের জিপিএ-৫ পাওয়া নিয়ে খুশি হলেও ক্ষোভের আঁচ ছিল তার কণ্ঠে।

বললেন, “পরীক্ষার সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে মানসিক হয়রানি ছিল। তিন মাস দেশের পরিস্থিতি এত খারাপ ছিল যে ঘর থেকে বের হতেও ভয় ছিল। পড়াশোনার উপরও এর খারাপ প্রভাব পড়েছে।”

নীলা মাহবুব বলেন, “রাজনৈতিক খেলাটা না খেললেই ভাল আমাদের বাচ্চাদের জন্য।”

কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার প্রতিষ্ঠানের ফলাফলে তিনি সন্তুষ্ট। তবে সার্বিক পাসের হার কম হওয়ায় রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করলেন এই শিক্ষকও।

“সার্বিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের যে দুর্যোগপূর্ণ অবস্থা ছিল তা স্টুডেন্টদের জন্য ক্ষতির কারণ হয়েছিল।”

এবারের ফলে মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি হওয়ার কারণ তার দৃষ্টিতে কি- জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রীরা ছাত্রদের চাইতে বেশি বইমুখী। বাইরের চেয়ে ঘরে বেশি সময় দেয়, বইয়ের প্রতি মনোযোগ ও সময় দেয়।”