২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো করার চেষ্টা ধরে রাখতে চায় রাজউক

এবার দেশসেরা প্রতিষ্ঠানের তালিকা না করা হলেও উচ্চ মাধ্যমিকের ফল ‘বিপর‌্যয়ের’ মধ্যেই বরাবরের মতো ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ ‘ভালো করায়’ সন্তুষ্ট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

গত চার বছর টানা শীর্ষ স্থানে থাকা এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ আমিনুর রহমান খান বলেন, “তালিকা করা হোক বা না হোক আমরা ভাল করেছি। ভাল ফলের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

রোববার বেলা তিনটায় কলেজ প্রাঙ্গণে এবছরের এইচএসসি পরিীক্ষার ফল ঘোষণা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এবছর এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট এক হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন পরীক্ষায় অংশ নেননি। বাকীদের সবাই পাস করেছেন।

জিপিএ-৫ পেয়েছেন ৭২৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৬১, বাণিজ্যে ১৩৪ এবং মানবিকে ২৯ জন রয়েছেন।

উপাধ্যক্ষ আমিনুর রহমান খান বলেন, “সারাদেশে ফলাফল বিপর‌্যয় হয়েছে। কারণ পরীক্ষার সময়ে দেশে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। দেখা গেছে, শিক্ষার্থীরা কোনো একটি বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, এর মধ্যেই পরীক্ষাটা পিছিয়ে গেছে। এতে তাদের ওপর প্রভাব পড়েছে।”

“রাজউক বরাবরই ব্যতিক্রমী। আমরা নির্বাচনী পরীক্ষার পর প্রস্তুতিমূলক পরীক্ষা ও বিশেষ প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা নিই। যারা এসব প্রস্তুতি প্রোগ্রামে অংশ নেয়নি, তাদের বাসায় খামে প্রশ্ন পাঠানো এবং ওয়েবসাইটে প্রশ্ন দিয়ে দেওয়ার ব্যবস্থাও ছিল।”

Image
ফল প্রকাশের পর আনন্দে মেতে উঠেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা

ফল প্রকাশের পর আনন্দে মেতে উঠেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা

রাজউক শিক্ষার্থীদের জ্ঞান শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেওয়া ও দেশীয় সংস্কৃতি লালনের প্রচেষ্টা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার কলেজ ক্যাম্পাস ঘুরে এবং শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপাধ্যক্ষের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই মুঠোফোনের মাধ্যমে ফলাফল তাদের হাতে পৌঁছে যায়। নেচে-গেয়ে ভাল ফলের উদযাপন করেন উত্তীর্ণরা।

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে কথা হয় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সাবিকুন নাহার শান্তার মা রিনা পারভীনের সঙ্গে।

তিনি বলেন, “মোবাইলে ফল জেনেছি। আমি দারুণ খুশি। এখন সবাইকে ফলাফল জানাচ্ছি।”

মাধ্যমিকেও এই প্রতিষ্ঠান থেকে মেয়ের জিপিএ-৫ পাওয়ার খবর দিয়ে স্কুল শিক্ষিকা রিনা পারভীন বলেন, “শিক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষকদের প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি প্রতিবার ভাল করছে। টেস্ট পরীক্ষার পর এখানকার নিজস্ব ব্যবস্থার কারণে ছাত্রছাত্রীদের কোচিংয়েও যেতে হয় না, এতে অনেক বেশি উপকার হয়।”

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ফাহিম ফেরদৌস খান বলেন, “শিক্ষকদের সাপোর্ট পেয়ে পড়াশোনা একটু ভালমতো করলেই পরীক্ষায় ভাল ফল করা সম্ভব। শিক্ষকদের সাপোর্টটা রাজউকে পাওয়া যায়।”