মুন্সীগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের নতুন ভাটার চর গ্রামের এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান।
নিহত মো. সিয়াম (৪) ওই এলাকার শাহ আলীর ছেলে।
ওসি বলেন, বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল সিয়াম। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে বলে জানান ওসি।
