পাসে রাজশাহী, পূর্ণ জিপিএতে ঢাকা শীর্ষে
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না এলেও পাসের দিক থেকে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। আর সবচেয়ে কম পাস করেছেন যশোর বোর্ডের শিক্ষার্থীরা।
তবে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহীকে পেছনে ফেলেছে ঢাকা বোর্ড।
রোববার প্রকাশিত এবছরের এইচএসসির ফল অনুযায়ী পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন।
পাসের হার কমে যাওয়ার জন্য বছরের শুরুতে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাসের হার ৭৭ দশমিক ৫৪ নিয়ে আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। আর সবচেয়ে কম পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ যশোর বোর্ডে।
৭৪ দশমিক ৫৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে সিলেট বোর্ড এবং ৭০ দশমিক ৪৩ নিয়ে দিনাজপুর বোর্ডের অবস্থান তৃতীয়।
চতুর্থ অবস্থানে থাকা বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০৬, ৬৮ দশমিক ১৬ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে ঢাকা বোর্ড, পাসের হার ৬৩ দশমিক ৪৯ নিয়ে ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম বোর্ড এবং সপ্তম স্থানে থাকা কুমিল্লায় পাস ৫৯ দশমিক ৮০ শতাংশ।
এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৪ হাজার ৩৮৮ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৪ হাজার ৪৬১ জন। পাসের্ হার ৯০ দশমিক ১৯।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৪ হাজার ১২৫ জন। পাসের হার ৮৫ দশমিক ৫৮।
জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা
আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৮৯৩ জন।
এরপরই রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ২৫০ জন।
দুই হাজার ৩৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন দিনাজপুর বোর্ডে।
এছাড়াও চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ১২৯, যশোর বোর্ডে এক হাজার ৯২৭, কুমিল্লায় এক হাজার ৪৫২, সিলেটে এক হাজার ৩৫৬ এবং বরিশালে এক হাজার ৩১৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এক হাজার ৪৩৫ জন এবং কারিগরিতে ছয় হাজার ৪৩০ জন।
