২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষে মামলা

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধকে কেন্দ্র করে ফেনীতে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

শনিবার রাতে মামলা দুটি দায়ের করেন ফেনী মডেল থানার এসআই মনির হোসেন ও এসআই নোমান।

এ দুই মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় তিন থেকে চারশ জনকে আসামি করা হয় এবং মামলা দুটিতে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় সিএনজি অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

“পুলিশ অবরোধ তুলতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই সময় অটোরিকশা চালকরা পুলিশের উপর হামলা করে অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে এবং মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ করে রাখে।”

তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে বলেও তিনি জানান।

“শনিবার রাতে পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় নাশকতা, ভাংচুর ও পুলিশের কাজে বাধাদানের দুটি মামলা দায়ের করে।

“এক মামলায় ৩৩ জন ও অপর মামলায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দুটিতে অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।”

ঘটনাস্থল থেকে আটককৃতদের মধ্যে ওই মামলা দুটিতে ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে বলে তিনি জানান।