ভোলায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত
ভোলায় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভোলা সদর মডেল থানার এসআই মো. আমিনুল ইসলাম।
নিহত নুরন্নবী (৪৫) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত বাচ্চু মোল্লার ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এসআই আমিনুল বলেন, নুরন্নবীসহ কয়েকজন নির্মাণ শ্রমিক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লার একটি পুরানো ভবনের দেয়াল ভাঙার কাজ করছিলেন। এ সময় দেয়ালের কিছু অংশ ধসে পড়লে তার নিচে চাপা পড়ে আহত হন নুরন্নবী।
তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
