সিলেটে তিন বিষয়ে অকৃতকার্য বেশি
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার গতবছরের তুলনায় পাসের ৪ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ ৭১৪টি কমেছে।
তিনটি বিষয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী পাস না করায় এবার ফল খারাপ হয়েছে বলে মনে করেন বোর্ড কর্মকর্তারা।
বোর্ডে এবার পাশের হার ৭৪ দশমিক ৫৭ শতাংশ । গত বছরে এই হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ।
গত বছর ২ হাজার ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পেয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
এবারের এই বোর্ডের অধীনে মোট ৫৭ হাজার ৭০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৩ হাজার ২৮ জন।
রোববার দুপুর দেড়টায় বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান।
ফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পাসের হার ও জিপিএ-৫ কমলেও সার্বিক ফলাফল ভাল হয়েছে। পরীক্ষা চলাকালে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফলাফল কিছুটা খারাপ হয়েছে।
“নতুন একটি বিষয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সংযোজন হওয়া, মানবিকের যুক্তিবিদ্যা ও ইংরেজি প্রথমপত্রে বেশি শিক্ষার্থী ফেল করায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে,” বলেন পরীক্ষা নিয়ন্ত্রক।
সিলেট বোর্ডে এবার বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছেন। এ বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ । বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬ হাজার ২৮৬ জন।
মানবিক বিভাগ থেকে পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ ও ব্যাবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে এবারের অন্যতম সাফল্য- কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
পরীক্ষায় অংশ নেয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
