২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বেড়েছে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান

অন্য শিক্ষা বোর্ডগুলোর মতো রাজশাহীতেও এইচএসসিতে পাস ও জিপি-৫ কমলেও এবছর শতভাগ কৃতকার্য হয়েছৈ এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবছরের তুলনায় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার দুপুরে শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা  করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।

ঘোষিত ফল অনুযায়ী, এবার এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৪ ভাগ। গতবছর ছিল ৭৮ দশমিক ৫৫ ভাগ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৫০ জন, যা গতবার ছিল ৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ৮৬৫ জন, ছাত্রী দুই হাজার ৩৮৫ জন।

এই বোর্ডের অধীনে এবার এক লাখ ৪ হাজার ৮৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮১ হাজার ৩৩০ জন।

পাসের দিক থেকে এবারও মেয়েরা এগিয়ে রয়েছেন। ৮০ দশমিক ৬৭ শতাংশ ছাত্রী এবার এই বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

এই বোর্ডে এবার শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬টি। গতবছর এ সংখ্যা ছিল ১৫।

অন্যদিকে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল দুটি।