২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পাস ৪৬.৪৫ %, অকৃতকার্য বেশি ইংরেজিতে

এবছর যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ১৪ হাজার ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৮৭ জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ, যা গতবছরের চেয়ে কম। গতবছর এই বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮।

পাসের মতো সব বোর্ডের মতো এই বোর্ডেও এবার জিপিএ-৫ কমেছে।

এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯২৭ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন চার হাজার ২৩১জন।

ইংরেজি বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় বোর্ডে এবার ফল খারাপ হয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ইংরেজি প্রশ্ন এবার কঠিন হয়েছিল।

“বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। যে কারণে পাসের হার অনেক কমে গেছে।

এবার এই বোর্ডে ১৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি বলে জানান তিনি।

এছাড়া ঝিনাইদহ ক্যাডেট কলেজ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ ও বরুণাবাজার পিডিসি কলেজিয়েট স্কুল খুলনার সব পরীক্ষার্থই উত্তীর্ণ হয়েছেন।