না’গঞ্জে ৭ খুন: রিভিশন শুনানি ৩০ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় অভিযোগপত্রে বাদীর না রাজি আবেদন নাকচের বিরুদ্ধে রিভিশনের শুনানির পরবর্তী তারিখ ৩০ সেপ্টেম্বর।
রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন একথা জানান।
শুনানিকালে মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, গত ৮ জুলাই সাত খুনের দুই মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের নামে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে আদালত। একইসঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাদের মালামাল জব্দের নির্দেশ দেয় বিচারিক হাকিম আদালত।
তিনি বলেন, এর একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি না রাজি আবেদন করলেও আদালত তা নাকচ করে।
ওই আদেশের বিরুদ্ধে বিউটি গত ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন বলে জানান তিনি।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
এবছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বর্তমানে ২২ আসামি কারাগারে রয়েছেন, পলাতক রয়েছেন ১৩ জন।
