আইসিটি বিষয়ে খারাপ করায় কুমিল্লায় পাস কম
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ, যা গতবছর ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।
গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৬০০ শিক্ষার্থী।
এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৪৫২ জন। এর মধ্যে ছাত্র ৭৫৪ জন, ছাত্রী ৬৯৮ জন।
ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার আইসিটি বিষয়ে খারাপ করায় পাসের হার কমেছে।
এবার কুমিল্লা বোর্ডের অধীন ৯৯ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
পাস করেছেন ৫৯ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৭৫৫ জন। ছাত্রী ৩১ হাজার ২৩ জন।
