সিলেটে বাস খাদে, চালকের সহকারী নিহত
সিলেটের বিশ্বনাথে বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৫ যাত্রী।
রোববার উপজেলার ইলিমপুর এলাকায় বিশ্বনাথ-রশিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আশিক হোসেন (২২) উপজেলার জমসেদপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, বিশ্বনাথ থেকে সিলেটগামী বাসটি ইলিমপুর এলাকায় একটি ট্রাককে কাটিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“বাসের নিচে চাপা পড়ে চালকের সহকারী আশিক ঘটনাস্থলেই মারা যান।”
মাসুদুর রহমান জানান, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস খাদ থেকে বাসটি উদ্ধার করেছে বলেও তিনি জানান।
