২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বোমা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি হবিগঞ্জে

সাক্ষী হাজির না থাকায় হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহফুজা পারভীনের আদালতে রোববার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণের দিন ছিল।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ দেওয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ।

“শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করে।”

অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক আরও জানান, আদালতে আসামি সালাউদ্দিন ওরফে সালেহীনের জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করেন।

দুপুরে মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি শাখার এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানেও একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।