কক্সবাজারে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
কক্সবাজারে শিশু হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত নুরুল ইসলাম ওরফে নুরুল্লাহ (২৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের সুলতান আহমদের ছেলে।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি মমতাজ আহমদ জানান, ২০১২ সালের ৬ অগাস্ট সন্ধ্যার দিকে মুন্ডার ডেইল গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (০৫) নিখোঁজ হয়। পরদিন সুমাইয়ার চাচা গিয়াস উদ্দিন টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ৯ অগাস্ট পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর থেকে নুরুল ইসলাম ওরফে নুরুল্লাহ এলাকা থেকে উধাও হয়ে গেলে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে ১৮ অগাস্ট কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে পুলিশ নুরুল্লাহকে গ্রেপ্তার করে।
পিপি আরও বলেন, সুমাইয়ার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর গলায় পাথর বেঁধে পুকুরে ফেলে দেয় বলে স্বীকারোক্তিতে বলে নুরুল্লাহ।
