২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোর্ডে পাস ৬৩.৪৯%

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 02:50 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার প্রকাশিত এইচএসসির ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৪৯। গতবার এ হার ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। এই হিসেবে গতবারের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৫৭ শতাংশ পয়েন্ট।

এবার চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১২৯ জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ৫১৭ জন কম। গতবার জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৬৪৬ জন।

রোববার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে এবার প্রতিটি শিক্ষাবোর্ডে আলাদা প্রশ্নপত্র করা হয়। কোথায় কোন প্রশ্নে পরীক্ষা হবে তা ঠিক হয় লটারির মাধ্যমে।

“যেসব শিক্ষার্থী সনাতনী পদ্ধতিতে সিলেকটিভ পড়াশোনা করেছে তাদের পরীক্ষা খারাপ হয়েছে। এছাড়া হরতাল-অবরোধের কারণে পরীক্ষার আগে ক্লাস করতে না পারায় ফলাফলে এর প্রভাব পড়েছে।”

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে ৮০ হাজার  ৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ৭০৭ জন। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ২৪৩ জন।

এর মধ্যে ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ এবং ছাত্রীদের ৬৫ দশমিক ১১ শতাংশ। 

বিজ্ঞানে ৭৩ দশমিক ৮৭ শতাংশ, মানবিকে ৫২ দশমিক ৩৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে চট্টগ্রাম বোর্ডে।

গতবার বিজ্ঞানে ৭৯ দশমিক ০২ শতাংশ, মানবিকে ৬২ দশমিক ১১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৭২ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

বিজ্ঞান বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৯৩ জন, মানবিকে ৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৪৬০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা যুক্তিবিদ্যা, অর্থনীতি এবং এবছর থেকে চালু করা আইসিটিতে তুলনামূলক খারাপ করেছে।

যুক্তিবিদ্যায় ৬২ দশমিক ৩৯ শতাংশ, অর্থনীতিতে ৬৮ দশমিক ৬৮ শতাংশ এবং আইসিটিকে ৭৬ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবার। 

অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পদার্থ বিদ্যায় এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞানে তুলনামূলকভাবে খারাপ ফল করেছে।

পদার্থ বিদ্যায় ৮২ দশমিক ৫৯ শতাংশ এবং হিসাব বিজ্ঞানে ৮১ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

চট্টগ্রাম বোর্ডের অধীনে এ বছর সবচেয়ে খারাপ করেছে রাঙামাটি জেলার শিক্ষার্থীরা। এ জেলায় পাসের হার গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ পয়েন্ট কমে হয়েছে ৪৩ দশমিক ৯১ শতাংশ। গত বছর এই হার ৫৯ দশমিক ৫২ শতাংশ ছিল।

চট্টগ্রাম মহানগরে এ বছর পাসের হার ৭৬ দশমিক ৩৫ শতাংশ। আর মহানগর বাদে চট্টগ্রামের ১৪টি উপজেলায় পাসের হার ৫৮ দশমিক ৭৩ শতাংশ।

মহানগর ছাড়া চট্টগ্রাম বোর্ডের অধীনে প্রতিটি জেলায় এবার পাসের হার ছয় থেকে নয় শতাংশ কমেছে।

এর মধ্যে কক্সবাজার জেলায় ৬৪ দশমিক ৮০ শতাংশ, বান্দরবান জেলায় ৫৭ দশমিক ৯৯ শতাংশ, খাগড়াছড়িতে ৫০ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ বোর্ডের সরকারি চট্টগ্রাম কলেজ থেকে এবার ৪৯৮ জন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ৪২৪ জন, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯০ জন, সরকারি কমার্স কলেজ থেকে ১৬৭ জন এবং সরকারি সিটি কলেজ থেকে ১৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রাম বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, পোর্ট অথরিটি গার্লস হাই স্কুল, পোর্ট অথরিটি হাই স্কুল এবং রাউজানের বিনাজুড়ি নবীন হাই স্কুলের সব পরীক্ষার্থী এবার পাস করেছে।

কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবার চট্টগ্রাম বোর্ডে নেই।