যশোরে কুড়িয়ে পাওয়া বোমায় ৪ শিশু আহত
যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া একটি বোমা বিস্ফোরিত হয়ে চার শিশু গুরুতর আহত হয়েছে, যাদের একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নওয়াপাড়ার সর্দারপাড়ায় একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান।
আহত চার শিশু হল- উপজেলার সরদার পাড়ার আসলাম হোসেনের ছেলে অনিক (১০), এলাকার হুমায়ুন কবীরের ছেলে মুন্না (১১), আজিম উদ্দিনের ছেলে আশিস (৬) ও ফিরোজ ওরফে হিরুর মেয়ে ফাতেমা (৮)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে অনিকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওসি বলেন, সরদারপাড়ার একটি পুকুর পাড়ে তাল কুড়াতে গিয়ে ওই শিশুরা পলিথিনে মোড়া অবস্থায় বোমাগুলো কুড়িয়ে পায়।
“তারা নেড়েচেড়ে দেখার সময় তিনটি বোমা বিস্ফোরিত হয়। এতে চারজনই আহত হয়।”
স্থানীয়রা চার শিশুকে উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা ও কেউ আটক হয়নি বলে জানান তিনি।
