২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ পেলে আরও ভাল করতে চাই, সংবর্ধনায় মুস্তাফিজ

আগামীতে সুযোগ পেলে আরও ভাল কিছু করার প্রত্যয় জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 02:12 AM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

ইতিহাস গড়লেন মুস্তাফিজ
‘মুস্তাফিজ সেই আগের মুস্তাফিজই আছে’

শনিবার নিজের জেলা সাতক্ষীরায় এক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, “সাতক্ষীরাবাসীর দোয়া ও আশির্বাদে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সুযোগ পেলে সামনে আরও ভালো কিছু করতে চাই।”

জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহছান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুস্তাফিজের ‘ক্রিকেট গুরু’ মোফাসিনুল হক তপু, তার সেজ ভাই মোখলেসুর রহমান পল্টু, জেলা  ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন।

জাতীয় দলে সাতক্ষীরা থেকে তিনজন ক্রিকেটারের সুযোগ পাওয়ার কথা তুলে ধরে মুস্তাফিজ বলেন, “আমি আশা করি সামনে আরও অনেক খোলোয়াড় সাতক্ষীরা থেকে সুযোগ পাবে।”

প্রায় তিন মাস পর শনিবার দুপুরে মুস্তাফিজ নিজের জেলায় গেলে জেলা প্রশাসক তাকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

সংবর্ধনার পরে নিজের গ্রাম থেকে আসা গাড়ি বহরের সঙ্গে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে বাড়িতে যান মুস্তাফিজ।

১৯ বছর বয়সী বাঁ হাতি পেসার মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টিটোয়েন্টিতে ম্যাচে। ওই ম্যাচে চার ওভার বল করে ২০ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।

পরে জুনে ভারতের সঙ্গে ওয়ানডে খেলতে নেমে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন তরুণ এই ক্রিকেটার। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট (৫ ও ৬) নিয়ে ইতিহাস গড়েন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও আলো ছড়িয়েছেন মুস্তাফিজ।