ফেনীতে ১৫ দিন ধরে পানিবন্দী ৩৫ হাজার মানুষ
ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার ৩৫টি গ্রামের ৩৫ হাজার মানুষ ১৫ দিন ধরে পানিবন্দী রয়েছে।
এসব এলাকার মানুষের মধ্যে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিয়েছে।
দাগনভূঞা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জামশেদ খোন্দকার জানান, ছোট ফেনী নদী ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে প্রায় ৭০/৮০টি বাঁধ থাকায় পানি নামতে সময় নিচ্ছে।
এলাকাবাসীর দাবি, সরকার দলীয় স্থানীয় নেতারা এ বাঁধগুলো দিয়েছে, যা প্রশাসনের নির্দেশেও তুলে নিচ্ছে না তারা।
সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, তার ইউনিয়নের ডোমরুয়া, জগের গাঁও, ভাঙ্কর, উজালিয়া, তারলিয়া, ছোট ধলিয়া, লক্ষিয়ারা, ভগবানপুর, রতনপুর, বিরোলী গ্রামসহ ১১টি গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
একই উপজেলার শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এখানকার আবুপুর, দক্ষিণ আবুপুর, নতুন খানে বাড়ি, কুমিরা গ্রামসহ ৪টি গ্রামের ৮ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
এছাড়া দাগনভূঞার রাজাপুর ইউনিয়ন, সিন্দুরপুর ইউনিয়ন,পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ও জায়লস্কর ইউনিয়নের ১৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ।
এগুলোর মধ্যে রাজাপুর ইউনিয়নে ৭ হাজার, সিন্দুরপুর ইউনিয়নে সাড়ে ৪ হাজার, পূর্বচন্দ্রপুর ইউনিয়নে ৫ হাজার এবং জায়লস্কর ইউনিয়নের দেড় হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় আক্রান্ত এলাকার লোকজনের মাঝে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিয়েছে।
সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর এলাকার অস্থায়ী মেডিকেল ক্যাম্পে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
