নিলয়ের জিডি না নেওয়ার অভিযোগের তদন্তে কমিটি
ঢাকার গোড়ানে খুন হওয়া ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় ফেইসবুকে পোস্টে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. তারেক বিন রশিদকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে বলে শনিবার উপকমিশনার(মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।
পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির প্রধান তারেক বিন রশিদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিলয়ের পোস্টটির ভিত্তিতে বিষয়টি তদন্ত করব। কারো দোষ থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়, ফাইল ছবি
গত ১৫ মে ওই পোস্টে তিনি লেখেন, অনুসরণ করার বিষয়টি বুঝতে পেরে থানায় জিডি করতে চাইলে তা নেয়নি, বরং তাকে যত দ্রুত সম্ভব ‘দেশ ছেড়ে’ চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
পুলিশ কর্মকর্তা মো. তারেক বিন রশিদ বলেন, “তিন মাস পর কোনো থানায় সাধারণত ডিভিও ফুটেজ সংরক্ষিত থাকে না। তবুও খিলগাঁও থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে দেখার চেষ্টা করা হবে।”
