শেরপুরে স্কুলছাত্রকে অপহরণ করে হত্যা
অপহরণের সাতদিন পর শেরপুরের নালিতাবাড়ী থেকে এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ জানান, শনিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন মাজার পাহাড়ে আরাফাত ইসলাম ওরফে রাহাতের (৮) লাশ পাওয়া যায়।
শেরপুর শহরের গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলাম খোকনের ছেলে রাহাত বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
রাহাতের পরিবারে ভাষ্য, গত ২ অগাস্ট বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রাহাত। কিছুক্ষণ পর শহিদুলের মোবাইল নম্বরে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন শহিদুল।
পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়ারীশ বলেন, কয়েকদিন আগে শিশু রাহাতের খালু আব্দুল লতিফসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যসূত্র ধরে শনিবার সকালে মো. আসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
“পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, মাজার পাহাড় এলাকা থেকে রাহাতের গলিত লাশ উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, রাহাতের খালু লতিফের নির্দেশে মুক্তিপণ চাওয়া হয়েছে এবং টাকা না পাওয়া রাহাতকে হত্যা করা হয়েছে।
