২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদকে ‘রাজাকার’ বলে ফেইসবুকে পোস্ট, গ্রেপ্তার ১

নেত্রকোণার সংসদ সদস্য রেবেকা মোমিন ও তার প্রয়াত স্বামী স্বাধীনতাপরবর্তী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আবদুল মোমিনকে ‘রাজাকার’ বলে ফেইসবুকের পোস্ট দেওয়ায় এক যুবকের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

গ্রেপ্তারকৃত রুকুনুজ্জামান শাহীন (৩৩) খালিয়াজুরী উপজেলার উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের বাসিন্দা।

খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুকুনুজ্জামান শাহীনের ছোটভাই রুহুল আমীন রুবেল তার নিজের আইডি থেকে একটি পোস্ট দেয়। তাতে রুবেল সাংসদ রেবেকা মোমেন ও তার প্রয়াত স্বামী সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিনকে রাজাকার বলে গালি দেন।

“শুক্রবার মধ্য রাতে অভিযান চালিয়ে রুবেলকে পালিয়ে যেতে সহায়তা করায় উপজেলার লেপসিয়া বাজারের একটি ওষুধের দোকান থেকে তার বড়ভাই রুকুনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করা হয়।”

 এ নিয়ে থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।