‘ঝুঁকিতে অসাম্প্রদায়িক রাজনীতি’
ব্লগার নিলয় হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি বামদল ও তাদের ছাত্র সংগঠন।
তারা বলছে, এ ধরনের ঘটনা প্রমাণ করে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি কতোটা ঝুঁকির মধ্যে রয়েছে।
শুক্রবার দুপুরে পূর্ব গোড়ানে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে।
ঘটনার পর নিন্দা ও ক্ষোভের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করা নিয়ে সংশয় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বলেছেন, বিচারহীনতার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইয়নিয়ন ও গণতান্ত্রিক বাম মোর্চা পৃথকভাবে নিন্দা ও ক্ষোভ জানায়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি কি পরিমাণ ঝুঁকির মুখে এই হত্যাকাণ্ড ও সে ব্যাপারে একটি জঙ্গিগোষ্ঠীর দাবি তার প্রমাণ।
এ নিয়ে সরকারের আচরণ ‘দ্বিধাগ্রস্ত’ বলেও অভিযোগ করেন তারা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে বিমল বিশ্বাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, আমিনুল ইসলাম গোলাপ, হাজেরা সুলতানা, কামরুল আহসান প্রমুখ আলোচনায় অংশ নেন।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, সারাদেশে একের পর এক বর্বরোচিত হত্যাকাণ্ড চলছে। কিন্তু সরকার খুনিদের গ্রেপ্তার করে শাস্তি দিচ্ছে না।
বিচারহীনতার ধারায় দেশ চলছে বলেও অভিযোগ করেন তারা।
সরকারের উদাসীনতা ও বিচারহীনতার কারণে ব্লগার হত্যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকী আক্তার।
গণতান্ত্রিক বাম মোর্চাও নিলয় হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এদিকে নিলয়কে পরিকল্পিত হত্যার নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে, দায়ীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না নিলে এসব চলতেই থাকবে।
সংস্থাটির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা মনে করি এই শেষ নয়। মুক্তিযুদ্ধের চেতনায় কঠিন কোন পদক্ষেপ না নিলে এসব চলতেই থাকবে।”
জঙ্গিগোষ্ঠীর অর্থ ও অস্ত্র জোগানদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় অর্থনীতি সমিতি।
