এফবিআই’র ফোন, তদন্তে সহযোগিতার প্রস্তাব
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, যারা এর আগে ব্লগার অভিজিত রায় হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা এসেছিল।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশকে ফোন করে এফবিআই’র পক্ষ থেকে তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয় বলে উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফবিআই থেকে ফোন করে যোগাযোগ করা হয়েছে। তারা ব্লগার নিলয় হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা মহানগর পুলিশকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ”
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়, ফাইল ছবি
শুক্রবার খুন হওয়ার পর বাসা থেকে নিলয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে।
এদিকে নিলয় হত্যার তদন্তভার দুয়েক দিনের মধ্যেই গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বর্তমান তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন।
“তাদের (ডিবি) কাছে আধুনিক প্রযুক্তিসহ তদন্তের জন্য উন্নত সুযোগ-সুবিধা থাকায় মামলার কাজ দ্রুত এগুবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের চাপাতির আঘাতে লেখক-ব্লগার অভিজিৎ রায় খুন হওয়ার পর ওই হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার জন্য ঢাকায় আসে এফবিআইর একটি প্রতিনিধি দল। মার্কিন নাগরিক অভিজিৎ হত্যা তদন্তের অংশ হিসেবে আলামত সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ল্যাবে পরীক্ষার জন্য তা নেওয়া হলেও পরে এর অগ্রগতি সম্পর্কে কিছু জানানো হয়নি।
