দুই কিশোরের ‘বিয়ের’ তদন্তে প্রশাসন
মাদারীপুরের দুর্গম চরে কথিত জিন-পরীর নির্দেশে দুই কিশোরের বিয়ের আনুষ্ঠানিকতার খবর শুনে তার তদন্তে নেমেছে জেলা প্রশাসন।
যে দুই কিশোরের বিয়ের মঞ্চে বসানো হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা।
যুক্তরাষ্ট্রের আদালত সমকামী বিয়ের বৈধতা দেওয়ার পর তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে কালকিনিতে এই দুই কিশোরের বিয়ে নিয়ে বাংলাদেশে বেশ কৌতূহলের সৃষ্টি হয়।
বাংলাদেশের আইনে সমকামী বিয়ের বৈধতা না থাকায় এই ধরনের বিয়ের আয়োজন নিয়ে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
কালকিনির ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জানার পরে আজ (শনিবার) দুপুরে ওই ছেলেদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা কী- জানার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, “বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোনো স্বার্থান্বেষী মহল এগুলো করে থাকে, তবে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”
মাদারীপুর জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের ওই গ্রামে বিয়ের আয়োজনকারীরা বলছেন, ‘জিন-পরীর হুমকি’ থেকে ছেলের জীবন বাঁচাতে ওই আয়োজন করেছিলেন তারা।
যার জন্য এই আয়োজন, সেই ১৪ বছরের কিশোরের মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীর কারণে আমি গ্রামবাসীর কাছ থেকে টাকা-পয়সা তুলে বিয়ের আয়োজন করি। কোনো খারাপ উদ্দেশ্যে করেনি। শুধু জিন-পরীর কথা রাখার জন্য।”
“আমি কী করব, আমার ছেলেকে বাঁচান,” তবে ছেলেকে পুলিশ নিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে বলেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী সাত মাস আগে দাবি করেন যে তার ছেলের সঙ্গে জিন-পরী আছে। এটা প্রমাণ করতে ছেলের মাধ্যমে বিভিন্ন আত্মীয়-স্বজনকে চিকিৎসা দেওয়া শুরু করেন তিনি। এরপর চমক সৃষ্টি করতে নিজের ছেলেকে কনে সাজিয়ে এক প্রতিবেশীর কিশোর ছেলের সঙ্গে বিয়ের নাটক করেন।
গত ৪ অগাস্ট মঙ্গলবার দুই কিশোরের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। গায়ে হলুদ থেকে শুরু করে বরযাত্রী আসা, তাদের খাওয়ানো হয়। শুধু বিয়ে পড়ানোটি বাদ ছিল।
কথিত বিয়ের বরের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (অন্য কিশোর) মায়ের আকুতিতে আমার ছেলেকে বর সাজিয়েছিলাম। তার ছেলেকে না কি পরী এরকম করে বিয়ে দিতে বলেছে। এখন ঝামেলায় পড়ছি আমি।”
