ফেনীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, আহত ১৫
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে ফেনীর লালপোল এলাকায় মহাসড়কে এ সংঘর্ষে সময় অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে অটোরিকশা চালকরা।
পরে শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, মহাসড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা ১১টার দিকে লালপোল এলাকায় অটোরিকশা চালকরা পাথর দিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে অটোরিকশা চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে। এছাড়া তারা অন্তত ২০টি গাড়ির গ্লাস ভাংচুর করে। এতে ওই সড়কে দেড়ঘণ্টার মত যান চলাচল বন্ধ থাকে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে ফেনীর বিভিন্ন অংশে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
