হবিগঞ্জে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
হবিগঞ্জে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু জানান, শনিবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত সুমন আহমেদ বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের মুখলেছ আহমেদের ছেলে। তিনি শচীন্দ্র ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি নির্মলেন্দু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুদল ছাত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে সহপাঠী মফিজুর রহমানের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে কলেজ গেটের সামনে সুমনকে ছুরিকাঘাত করা হয়।
“সহপাঠীরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকাবাসী হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করলেও পুলিশ দ্রুত সরিয়ে দেয় বলে জানান তিনি।
কলেজের সহকারী অধ্যাপক দেবল চৌধুরী বলেন, “কলেজের ১৮ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। কলেজটি রাজনীতিমুক্ত হওয়ার পরও কেন এ ঘটনা ঘটেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল মজিদ খান বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
