পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ গুলিবিদ্ধ
পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, শুক্রবার গভীর রাতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের এলাকার হঠাৎপাড়া এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোনামনিকে পুলিশ পাহারায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পেয়ারাখালী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজি ও নাশকতাসহ ১৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় আহত ঈশ্বরদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল, কনস্টেবল মকবুল হোসেন ও আক্তার হোসেনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
ওসি বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক আসামি সোনামনি পাকশীর হঠাৎপাড়া বস্তিতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি এলোপাথাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
“এক পর্যায়ে একটি বিদেশি বন্দুকসহ গুলিবিদ্ধ সোনামনিকে গ্রেপ্তার করে পুলিশ।”
এ ঘটনায় দুটি মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
