২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথ সচল

কুমিল্লায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 11:51 AM

Updated : 22 Aug 2022, 12:59 PM

মালবাহী ট্রেনটির বগি সরানোর পর শনিবার রাত ৯টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে কুমিল্লা রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান ভুইয়াঁ জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সদর উপজেলার বানাশোয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী ওই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতি এক্সপ্রেস আটকা পড়ে কুমিল্লা রেল স্টেশনে। লাকসাম স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও আটকা পড়ে।

শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল চলাচল পুনরায় শুরুর পর ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যায়।

দীর্ঘ সময় ট্রেনগুলো আটকে থাকায় এর যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রামের পাশাপাশি ঢাকা-নোয়াখালী, চট্টগ্রাম-সিলেট রুটেও ট্রেন চলাচলও বন্ধ ছিল।

মালবাহী ট্রেনটি সকালে কুমিল্লা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যে লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে এটি লাইনে তোলে।