২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুনদের স্বপ্নবান করতে চিত্রকর্মের বিকল্প নেই’

ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে চিত্রকর্মের ‘বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 11:08 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

শুক্রবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চিত্রশিল্পী এ আর রুমীর একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আমার প্রচেষ্টা থাকবে দেশের তরুণ প্রজন্মের সুপ্ত সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া, যাতে শৈশব-কৈশোর থেকেই ভবিষ্যত প্রজন্ম অনেক বড় স্বপ্ন দেখতে পারে। স্বপ্নের সমান হয়ে বাস্তবেও নিজেদের তৈরি করতে পারে।”

জুনাইদ আহমেদ বলেন, “চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কল্পনার চিত্রপটে আকাশে ওড়ার যন্ত্রের ছবি একেঁছিলেন। তার উপর ভিত্তি করে বহু বছর পর অরবিল ও উইলবার রাইট ভ্রাতৃদ্বয় আকাশে ওড়ার যন্ত্র বানিয়েছিলেন।তাই আজকের রুমীর ছবি শুধু ছবি নয়, ভবিষ্যতের দিক নির্দেশনা।

“ভবিষ্যত প্রজন্মকে স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করার জন্য শিল্পকর্ম ও চিত্রকর্মের বিকল্প নেই ।”

ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের সহকারী অধ্যাপক এ আর রুমীর ‘পৌরাণিক রহস্য’ শিরোনামের প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মগুলোতে শীতল পাটি, শোলার পাখি, নকশী কাঁথা, মুখোশ, মাটির কলস ইত্যাদির অবয়ব ফুটে উঠেছে।

রুমীর প্রথম একক চিত্র প্রদর্শনী হয় ২০০৬ সালে জাপানের টোকিওতে। পৌরাণিক রহস্য তার তৃতীয় একক প্রদর্শনী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকতউল্লাহ এবং ‘প্রতিবুদ্ধিজীবী’ পত্রিকার সম্পাদক সাদাত উল্লাহ খান বক্তব্য রাখেন।

আগামী ২২ অগাস্ট পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলবে।