২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জে যতগুলো যুদ্ধ হয়েছিল তার অন্যতম তাড়াশের নওগাঁ যুদ্ধ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 10:04 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

১৯৭১ সালের ১১ নভেম্বর নওগাঁয় পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সম্মুখ যুদ্ধে নিহত হয় শতাধিক পাক সেনা ও অর্ধশত রাজাকার। তিন জন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন, কেউ শহীদ হননি।

ঐতিহাসিক সেই জায়গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘রণাঙ্গনে পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করেছে।

শুক্রবার বিকালে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ উপলক্ষে শাহ শরিফ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর আহবান জানান।

পলাশডাঙ্গা যুব শিরিরের সহঅধিনায়ক ও বর্তমান সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস, সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।    

নওগাঁ যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করেন পলাশডাঙ্গা যুব শিরিরের সহ-অধিনায়ক ও বর্তমান স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন।

যুদ্ধ শুরুর পর সিরাজগঞ্জ ও তার আশেপাশের এলাকার ছাত্র, যুবক, সেনা সদস্য, পুলিশ আর বিডিআর নিয়ে গঠিত হয় পলাশডাঙ্গা যুব শিবির। বেশ কয়েকটি সন্মুখ যুদ্ধে এই বাহিনী ব্যাপক সাফল্য পেলেও ১৯৭১ সালের ১১ নভেম্বর পায় সেরা সাফল্য।

তখন ছিল রমজান মাস। পাকসেনারা মধ্যরাত থেকে নওগাঁ ও তার আশপাশের এলাকা ঘিরে ফেলে।

সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা নওগাঁর শরিফাবাদ এলাকায় পাকসেনাদের উপর আক্রমণ করে।

পরে খবর পেয়ে আশপাশের এলাকার মুক্তিযোদ্ধারাও যুদ্ধে যোগ দেয়ন। বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা ঐতিহাসিক ওই যুদ্ধে ১৩০ জন পাক সেনা, শতাধিক রাজাকার নিহত হয়। আর ৯ জন সেনা অফিসার জীবিত ধরা পড়ে।

কোনো মুক্তিযোদ্ধা শহীদ হননি। মাত্র ৩ জন মুক্তিযোদ্ধা আহত হন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও ভারতীয় আকাশবাণী বেতারে এ যুদ্ধের সংবাদ বিশেষভাবে প্রচারিত হয়। এটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ভয়াবহ সন্মুখ গেরিলা যুদ্ধ। 

গাজী ম ম আমজাদ হোসেন মিলন বলেন, মুক্তিযুদ্ধের এই বাহিনীর বীরত্ব গাথা ইতিহাস হয়ে থাকলেও এই বাহিনীর কেউই এখনও রাষ্ট্রীয় খেতাব পাননি।

ঐতিহাসিক এই স্থানটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাবে ভুষিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।