২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীর কবর ঘিরে ‘দুরভিসন্ধি’ ঠেকাতে ব্যবস্থার দাবি

সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি দণ্ডিতদের কবর ঘিরে কেউ যাতে ‘দুরভিসন্ধি’ চরিতার্থ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়।

‘সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ শীর্ষক এ গোলটেবিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এ কে মোহাম্মদ আলী শিকদার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, “সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাই, আইনের ফাঁক-ফোঁকরের মধ্য দিযে একজন যুদ্ধাপরাধীও যাতে সর্বোচ্চ দণ্ড এড়াতে না পারে সে ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে।

“একইসঙ্গে তাদের কবরের কোনো চিহ্ন কোথাও রাখা যাবে না। এ ব্যাপারে ইতিহাসের পথেই হাঁটতে হবে।”

প্রবন্ধে বলা হয়, “যুদ্ধাপরাধী দল জামায়াত ও যুদ্ধাপরাধীরা আজ প‌র্যন্ত বাংলাদেশকে মেনে নেয়নি। সুযোগ পেলেই তারা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে অপমান করে; অবমাননা করে।

“মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ দণ্ড কার্যকর হওয়া যেমন অপরিহার্য, তেমনি তাদের কবর ঘিরে কেউ কোনো রকম দুরভিসন্ধি যাতে করতে না পারে সেজন্য ইতিহাসের আলোকে সঠিক ব্যবস্থা নেওয়াও জরুরি।”

সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গোলটেবিল আলোচনায় অংশ নেন।