চট্টগ্রামে ত্রিপুরা তরুণীকে দলবেঁধে ধর্ষণ
চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ত্রিপুরা জনগোষ্ঠীর এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড মডেল থানা) সাইফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিলের পেছনে একটি পাহাড়ে এঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই তরুণীকে রাতে বাসা থেকে তুলে পাহাড়ে নিয়ে গিয়ে একদল যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।”
এই ঘটনায় ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে মনিন্দ্র ত্রিপুরা (২৩) ও যতীন্দ্র ত্রিপুরা (২২) নামে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইফতেখার বলেন, “রাত একটার দিকে একদল যুবক ১৯ বছর বয়সী ওই ত্রিপুরা তরুণীর স্বামীকে মারধর করে তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে বলে জানান তিনি।
সীতাকুণ্ড থানার এসআই দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুল আহম্মদ জুট মিলের পেছনে ওই পাহাড়টিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবার বাস করেন। ওই তরুণীর স্বামী স্থানীয় একটি স্টিল মিলের শ্রমিক।
অভিযোগপত্র উদ্ধৃত করে তিনি বলেন, “পাহাড়ে নিয়ে সাতজন যুবক তাকে ধর্ষণ করেছে।”
ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
