রাজশাহীতে তামাকবিরোধী আঞ্চলিক সভা
তামাকবিরোধী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আইনের সঠিক প্রয়োগ নিয়ে এক আঞ্চলিক সভায় মিলিত হয়েছেন কয়েকটি সংগঠনের নেতারা।
রাজশাহী নগরীতে বৃহস্পতিবার তামাকবিরোধী মিডিয়া জোট ‘আত্মা’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (এসিডি) যৌথভাবে এক সভার আয়োজন করে।
এসিডি কার্যালয়ে আত্মার আঞ্চলিক সভায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ।
আইনের প্রয়োগ হলে পাবলিক প্লেসে তামাক ব্যবহারকারীদের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন তারা।
তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগে পাশে থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উপরও জোর দেন তারা।
এছাড়া, তামাক নিয়ন্ত্রণ আইনের কথা তুলে ধরার পাশাপাশি তামাক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলোর ব্যাপারে জনগণকে সচেতন করারও আহ্বান জানান বক্তারা।
আত্মার সদস্য ও এসএ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মামুনুর রশীদ বাবুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আত্মার কেন্দ্রীয় আহ্বায়ক লিটন হায়দার এবং ‘প্রগতির জন্য জ্ঞান’ (প্রজ্ঞা) এর টিম এক্সপার্ট মনোয়ার হোসেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন-আত্মার কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার আইনুল হক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক করতোয়ার গোদাগাড়ী প্রতিনিধি আলমগীর কবির তোতা, বাংলাদেশ টুডে-এর আ ন ম মাশরেকুল আলম, জনপদের মোবারক আলি, গণমানুষের কণ্ঠের সম্পাদক মো. আক্কাস আলী, আতিকুর রহমান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন।
