পল্লবীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
রাজধানীর পল্লবীতে নিজের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার এসআই গোলাম মাওলা জানান, শুক্রবার ভোরে পল্লবীর ডুয়েট প্লট এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে নূরজাহান (২০) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নূরজাহান রাতে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী সাব্বির দাবি করেছেন। তবে কী কারণে ‘আত্মহত্যা’ করেছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে আটক করে থানায় আনা হয়েছে বলে এসআই গোলাম মাওলা জানিয়েছেন।
তিনি বলেন, “ভোরে বাসায় গিয়ে খাটের উপর নূরজাহানের মৃতদেহ পাওয়া যায়। তার স্বামী বলছে, রাতের কোনো এক সময় নূরজাহান সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। জীবিত ভেবে নিচে নামিয়ে দেখেন নূরজাহান মারা গেছেন।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
