২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

রাজধানীর পুরানা পল্টন, খিলগাঁও ও কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, শুক্রবার সকাল ও দুপুরের দিকে ওই তিনজনকে হাসপাতালে আনার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন- উজ্জ্বল হোসেন (২৫), খিলগাঁও পশ্চিম নন্দিপাড়ার জিল্লুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার (২৮) ও মো. সৈকত (২৪)।

এদের মধ্যে উজ্জ্বল পুরানা পল্টনে একটি মটরযন্ত্রাংশের দোকানে কাজ করতেন এবং সৈকত টাইলস মিস্ত্রী ছিলেন।  

এএসআই সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উজ্জ্বলকে হাসপাতালে আনা হয়েছিল।

“তার সহকর্মীরা আমাদের জানিয়েছে, দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জ্বল।”

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া এলাকায় তড়িতাহত হন রোকসানা নামের ওই ‍গৃহবধূ।

জিল্লুর রহমান পুলিশকে জানান, সকালে বাসার সামনে কাজ করার সময় তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন।

এদিকে সকালে কামরাঙ্গীরচর মাদবর বাজারে একটি নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ করার সময় বিদ্যুতায়িত হন সৈকত। সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।