রাবি ক্যাম্পাসে যুবকের লাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার একটি কোয়ার্টারের পেছনে লাশটি পাওয়া যায় বলে জানান নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির।
আনুমানিক ৩২ বছর বয়সী ওই ব্যাক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি হুমায়ন কবির।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে প-৭৬ নম্বর কোয়ার্টারের প্রহরী ওই ভবনের পেছনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আবাসিক শিক্ষকদের জানান।
“তারা ঘটনাস্থালে গিয়ে দেখেন ওই ব্যক্তির হাতে লালটেপ জড়ানো ও পুরাতন হ্যাকসো ব্লেড ও বৈদ্যুতিক তার রয়েছে।
“বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন।”
প্রক্টর আরও বলেন, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
