২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুর্বৃত্তরা কুপিয়েছে বাস চালককে

নরসিংদী শহরে এক বাস চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:57 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার বকুলতলার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলায় আহত মোস্তফা মিয়াকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকালে এ ঘটনার পর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা রাজধানীর সঙ্গে বাস চলাচল প্রায় ৫ ঘণ্টা বন্ধ রাখে।

সদর হাসপাতালের চিকিৎসক খালেদ আব্বাস উদ্দিন খান জানান, গুরুতর জখম মোস্তফাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীর লাক্সারি মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তফা মিয়া নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী বাসের চালক। বাস নিয়ে ঢাকা রওনা দেওয়ার সময় কয়েকজন যুবক তার কাছে চাঁদা চাইলে তিনি দিতে অস্বীকার করেন।

ওই সময় চাঁদাবাজরা তাকে জোর করে বাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে বাসের সহকারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান বিল্লাল।

তিনি জানান, হামলার খবর জানাজানির পর পরিবহন শ্রমিকরা ঢাকা-নরসিংদী রুটে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও বাস মালিক সমিতির হস্তক্ষেপে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তারা যান চলাচল শুরু করে।

জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

নরসিংদীর এএসপি (সার্কেল) মো. মোস্তাক সরকার জানান, চালকের উপর হামলার ঘটনায় সনেট ও জুয়েল নামে দুই চিহ্নিত সন্ত্রাসীর জড়িত থাকার খবর পাওয়া গেছে। এদের বিরুদ্ধে সন্ত্রাসীর মামলা রয়েছে। তাদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। 

বেলা দেড়টা থেকে ঢাকা-নরসিংদী রুটে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।