চট্টগ্রাম বন্দরে ট্রলি-ভ্যান সংঘর্ষে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) ট্রলি ও কভার্ড ভ্যানের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরের দিকে এনসিটি দুই নম্বর গেইটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত বন্দর শ্রমিকের নাম আবুল বাশার (৩৯)। তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরফকির হাটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বন্দরে কাজ করার সময় ট্রলি ও কভার্ড ভ্যানের মাঝে চাপা পড়েন বাশার।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় বাশারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
