সিরাজগঞ্জের পৌর মেয়র বরখাস্ত
নাশকতার মামলায় অভিযুক্ত হওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা এম মোকাদ্দেস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এই বরখাস্তের আদেশ বৃহস্পতিবার ফ্যাক্সের মাধ্যমে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের কাছে পাঠানো হয়।
জেলা প্রশাসক জানান, আপাতত প্যানেল মেয়র-২ সেলিম আহম্মেদকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
অ্যাডভোকেট মোকাদ্দেস আলী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মূলিবাড়িতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলে ট্রেন পোড়ানোর মামলাসহ ছয় মামলায় অভিযুক্ত মোসাদ্দেক দীর্ঘদিন ধরেই পলাতক।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, “মামলায় অভিযুক্ত হওয়ায় মেয়র হিসেবে মোকাদ্দেক আলীর ক্ষমতা প্রয়োগ পৌরসভা ও জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয়।”
আগামী তিন দিনের মধ্যে প্যানেল মেয়র-২ সেলিম আহম্মেদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে ওই আদেশে।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোকাদ্দেস আলী দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। তিনি ঢাকায় রয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা থেকেই সই করে পাঠাতেন। তিনি না থাকায় অনেকদিন ধরেই আমি মেয়রের কাজ দেখাশোনা করে আসছি।”
মোকাদ্দেস আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌরসভার কার্যক্রম যথাযথভাবে পালন করার পরও রাজনৈতিক প্রতিহিংসায় অনৈতিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
চার বছর আগে ২০১১ সালে ১২ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচন হয়। সে অনুযায়ী বর্তমান পরিষদের মেয়াদ রয়েছে আর মাত্র কয়েকমাস।
