রাজধানীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের ‘সেকেন্ড কলোনি’তে বাবুল হাওলাদার নামের একজনের বাসা থেকে সুরভীর (১৩) লাশ উদ্ধার করা হয়। মাঝে মাঝে ওই বাসায় গিয়ে ঘরের কাজ করতেন একই কলোনির বাসিন্দা সুরভী।
বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরভীর লাশ পাওয়া যায় বলে দারুস সালাম থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানিয়েছেন।
মেয়েটি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তার পরিবার বলছে।
সুরভীর বাবার নাম নজরুল ইসলাম মাসুদ। মায়ের নাম মনোয়ারা বেগম। চার বোনের মধ্যে সুরভী ছিল সেজো।
মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেকেন্ড কলোনির ৫৬/এ/এ নম্বর বাড়িতে একটা রুম ভাড়া নিয়া সুরভী আর ছোট মেয়ে লিজাকে নিয়ে তারা থাকতেন। বড় দুই মেয়ের বিয়ে হওয়ায় তারা আলাদা থাকে।
সুরভীর বাবা মাঝে মধ্যে ভাড়ায় প্রাইভেট গাড়ি চালান।
“আমি এক সময় কাপড়ের ব্যবসা করতাম। বয়সের কারণে এখন কাজ করতে পারি না। সংসারের খরচ চালাতে গত সপ্তাহে সুরভীকে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতে বলেছিলাম।
“ভাই, আমার কোনো উপায় ছিল না। তাই মাইয়ারে কাজে দিতে চাইসিলাম। আমার উপর অভিমান কইরা মাইয়াটা গলায় ফাঁস নিসে।”
তিনি বলেন, “আমাগো বাসা থেইকা বাবুল হাওলাদার সাহেবের বাসায় যাইতে পাঁচ মিনিট লাগে। ছোটবেলা থেইকা ওই বাড়িতে আমি কাম কইরা বড় হইসি। আমার বড় দুই মাইয়ারে বাবুল সাহেব বিয়া দিতে সাহায্য করেছেন।
“সুরভীও প্রায়ই ওই বাড়ি গিয়ে ছোটখাটো কাজকাম করে দিত। আমার লগে রাগ কইরা বৃহস্পতিবার বিকালের পর ওই বাড়িতে গিয়া সে ফাঁসি লয়।”
