২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট যানের জন্য আলাদা লেইন হবে: সড়কমন্ত্রী

মহাসড়কে অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো চলাচল নিষিদ্ধের পর এসব গাড়ির চালকদের আন্দোলনের প্রেক্ষাপটে আলাদা লেইন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:29 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

বৃহস্পতিবার ফেনীর ফাজিলপুরে ঢাক-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজ উদ্বোধনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

গত ১ অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ ধীরগতির সব যান নিষিদ্ধ হওয়ার পর আন্দোলনে নামেন চালক ও মালিকরা। আন্দোলনের একপর্যায়ে নিজেদের জন্য পৃথক লেইনের দাবি করেন তারা।

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের কারণে অটোরিকশা চালক ও যাত্রীদের সাময়িক দুর্ভোগের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, “তারা যেন দুর্ভোগে না পড়ে সেজন্য পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক ও সব ফোর লেইনের পাশে বাইলেন নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

স্বল্প সময়ের মধ্যেই বাই লেইনের কাজ শুরুর আশ্বাস দেওয়ার পাশাপাশি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোর যুক্তিটি আবার তুলে ধরেন তিনি।

“আগে অটোরিকশা চালকদের জীবন রক্ষা করতে হবে, পরে তাদের জীবিকার বিষয়টি গুরুত্ব পাবে।”

মহাসড়কগুলোতে ফোর লেইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “জনগণ এসবের সুফল কখনই পাবে না, যতক্ষণ না আমরা সড়কে ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনব।”

ঢাক-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেইন প্রকল্পের আওতায় ৩৩টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে।

ফুট ওভারব্রিজ উদ্বোধনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফোরলেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, সহকারী পরিচালক এম এ সবুজ উপস্থিতি ছিলেন।

</div>  </p>