২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুনরাবৃত্তি রোধে শিশু হত্যা-নির্যাতনের বিচার হতে হবে’

শিশু নির্যাতন ও হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে এসব অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:20 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

এক মাসের মধ্যে তিন শিশুকে নির্যাতন চালিয়ে হত্যা নিয়ে দেশব্যাপী প্রতিবাদ-ক্ষোভের মধ্যে বৃহস্পতিবার এক বিবৃতি পাঠিয়ে এ আহ্বান জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার।  

বিবৃতিতে তিনি বলেন, “ইউনিসেফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশ সরকার এই অপরাধের সাথে জড়িতদের আইন ও বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে। যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

“এখানে উল্লেখ করা দরকার যে, শিশু নির্যাতন, মারধর, এমনকি হত্যা এই দেশে নতুন কিছু নয়। কিন্তু শিশু অধিকার বিষয়ে ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো সবার নজরে আসছে।”

এ ধরনের অপরাধকে সবার নজরে আনায় বাংলাদেশের সংবাদপত্র, সম্প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশংসা করেন তিনি। 

ইউনিসেফের আবাসিক প্রতিনিধি বলেন, “ইউনিসেফ মনে করে, শিশুদের বিশেষত সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

“সাম্প্রতিক সময়ে অল্পদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে শিশু হত্যার ঘটনা সম্পূর্ণরূপে শিশু অধিকার নীতির বিরোধী। ইউনিসেফ এই সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিও শিশু হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিশু সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু সামিউল ইসলাম রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়।

রাজন হত্যার পর মাস না পেরোতেই গত সোমবার রাতে খুলনা নগরীর টুটপাড়ায় একটি গ্যারেজে মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় মো.রাকিব নামে ১২ বছর বয়সী আরেক শিশুকে।

পরদিন বরগুনার তালতলী উপজেলায় মাছ চুরির অভিযোগে রবিউল আউয়াল নামে ১০ বছরের এক শিশুকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় শিশু নির্যাতন-হত্যা বাড়ছে অভিযোগ করে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।