পল্লীবিদ্যুৎ শ্রমিক নেতাদের চাকরিতে পুনর্বহালের দাবি
বরখাস্ত হওয়া কেন্দ্রীয় নেতাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. এনামুল হক বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শীর্ষ কর্তাব্যক্তিদের ঘুষ, দুর্নীতি ও একনায়কতন্ত্রসহ বিভিন্ন অপকর্মের বিরোধিতা করায় তিনিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত নেতাদের পুনর্বহাল করা না হলে শ্রমিক মহাসমাবেশসহ কঠোর কর্মসূচি পালনেরও হুমকি দেন এনামুল।
“অন্যথায় শ্রমিক কর্মচারী লীগের কর্মীদের সঙ্গে নিয়ে মহাসমাবেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন সমিতিসমূহ ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তার অভিযোগ, শ্রমিকদের অধিকার রক্ষায় এর আগে কয়েকবার ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করা হলে কর্মকর্তারা গণচাকরিচ্যুতির মাধ্যমে শ্রমিকদের দমন করেছে।
“সর্বশেষ ২০১৩ সালে ‘পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ’ করার পর এর শীর্ষ নেতাদের উপরও দমন নীতি শুরু হয়েছে।”
এর অংশ হিসেবে সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক, কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম, মোতালেব হোসেন, সোহেল রানা ও আরজু মিয়াকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেন এনামুল।
সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইউনুস ও পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।
