২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির প্যানেল মেয়র নির্বাচন ২০ অগাস্ট

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্যানেল মেয়র নির্বাচন হবে আগামী ২০ অগাস্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার সিসিসির প্রথম সাধারণ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত কাউন্সিলরদের মধ্য থেকে তিনজনকে বেছে নেবেন বাকি কাউন্সিলররা। দুটি পদে প্যানেল মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন সাধারণ কাউন্সিলর।

মহিলা প্যানেল মেয়রের একটি পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন মহিলা কাউন্সিলর।

নিয়ম অনুযায়ী ১৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করার কথাও সভায় জানান নাছির।

সভায় নাছির বলেন, “টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়া হয়েছে।”

জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতা থেকে আক্রান্ত এলাকাগুলোকে রক্ষা করতে স্লুইস গেট নির্মাণ ও ড্রেজিং করা হবে জানিয়ে মেয়র বলেন, “বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আগামী ১১ অগাস্ট সরেজমিনে গিয়ে স্লুইস গেট ও ড্রেজিং পরিকল্পনা চূড়ান্ত করা হবে।”

সরেজমিনে ৪১টি ওয়ার্ড জরিপ করে স্ব স্ব ওয়ার্ডের সমস্যাগুলোও চিহ্নিত করা হবে বলেও সভায় জানান মেয়র।

“মেয়র ও কাউন্সিলর মিলে একটি পরিবার। এ পরিবারের সবাইকে সমন্বয় করে সিসিসির কর্মকতা-কর্মচারীদের সম্পৃক্ত করে নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করতে হবে।”

সিসিসির প্রথম সাধারণ সভায় শুভেচ্ছা জানাতে নগর ভবনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক, চট্টগ্রাম ওয়াসার সচিব ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক।