একসঙ্গেই নতুন স্কেল বাস্তবায়ন চান বেসরকারি শিক্ষকরা
সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর সঙ্গেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অষ্টম বেতন স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, দেশের প্রায় ২৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন স্কেল বাস্তবায়নের দিন থেকেই নতুন স্কেল ভোগ করেছেন।
বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে গত ১৩ মে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করে সচিব কমিটি।
গত ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল কার্যকর করেছে সরকার। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন স্কেল কবে থেকে কার্যকর হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি।
আগের মত স্বয়ংক্রিয়ভাবে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল কার্যকরে শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
দাবি আদায়ে আগামী ৮ অগাস্ট বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দেশের সব জেলা সদরে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার, মো. শাহজাহান আলম সাজু, মো. আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, এ কে এম মোকছেদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
